রাতের আঁধারে আলোর দূত: রাজারহাটে ইউএনও আল ইমরানের মানবিক শীতবস্ত্র বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন /
রাতের আঁধারে আলোর দূত: রাজারহাটে ইউএনও আল ইমরানের মানবিক শীতবস্ত্র বিতরণ

রতন রায় ।। রাজারহাট

তীব্র শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতের আঁধারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাতে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের হাতে নিজে শীতবস্ত্র তুলে দেন।

এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় বৈদ্দেরবাজার হরিসভা সংস্কৃত কলেজ সংলগ্ন এলাকাসহ রাজারহাট উপজেলার বিভিন্ন পথ-প্রান্তরে। রাতের নিস্তব্ধতার মাঝেই কাঁপতে থাকা অসহায় মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও ও তার সহকর্মীরা। শুধু শীতবস্ত্র প্রদানেই সীমাবদ্ধ না থেকে প্রত্যেকের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, পল্লব রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন কুমার রায়, সুমন চন্দ্র রায় ও সাংবাদিক প্রলাদ সৈকতসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে ইউএনও আল ইমরান বলেন,
“শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি সরকারি কর্মকর্তা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে সরাসরি অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখে তারা অভিভূত। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতার্ত ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা প্রদানে উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে।

এই উদ্যোগ প্রশাসনের মানবিক চেহারার এক অনন্য উদাহরণ, যা সাধারণ মানুষের মাঝে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে।