রতন রায় | হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নার্সিং পেশার গুরুত্ব ও স্বাস্থ্যসেবায় নার্সদের অপরিসীম ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ। তিনি বলেন, চিকিৎসা সেবার অবিচ্ছেদ্য অংশ হলো নার্সিং। রোগীদের সেবায় নার্সদের মমতা, ধৈর্য ও নিষ্ঠা একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. উম্মে কুলসুম বিউটি (শিশু কনসালটেন্ট), ডা. প্লাবন সরকার (আবাসিক মেডিকেল অফিসার – RMO) এবং ডা. সিদরাতুল (অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন, নার্সিং ইনচার্জ বিজলি বেগম, শারমিন নাহারসহ সকল নার্স ও মিডওয়াইফবৃন্দ।
বক্তারা নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে ক্ষমতায়ন এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

