হামার কুড়িগ্রাম

রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান

উপজেলা প্রতিনিধি, রাজারহাট উপজেলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শহীদ রাজীবের স্মৃতিকে ধারণ করে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং শহীদ রাজীবের গর্বিত পিতা রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিচুর রহমান লিটন।

এ সময় রাজারহাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী দর্শক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ রাজীবের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে সম্প্রীতি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়াচেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলেও বক্তারা উল্লেখ করেন।

Exit mobile version