মাইনুল ইসলাম ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের দেবীচরণ এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী–স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছে দেবীচরণ এলাকার বাসিন্দা সেকেন্দার আলীর পুত্র, দিনমজুর মমিনুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাদীরা দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িত ছিলেন। এ নিয়ে বাদী মমিনুল ইসলাম ও বিবাদীদের মধ্যে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
ঘটনার দিন, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাদীপক্ষ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ মমিনুল ইসলামের বসতবাড়িতে প্রবেশ করে। তারা লাঠি, কুড়াল, ছুরি, হাতুড়ি এবং সাবলসহ বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে বাড়ির মালামাল লুটপাট চালায় এবং মমিনুল ইসলাম ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে আহত করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গুরুতর অবস্থায় মমিনুলকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলায় জড়িতদের শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, এ ধরনের হামলা সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত এবং বিরোধপূর্ণ জমি সংক্রান্ত মামলায় প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

