Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

কে.এম. মামুন অর-রশিদ, রাজারহাট


পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজারহাট সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট পশ্চিম আদর্শ থানা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট পশ্চিম আদর্শ থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলার আমীর মাওলানা কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা খন্দকার মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, পবিত্র কোরআনের আলোকে নিজেদের জীবন পরিচালনা করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Exit mobile version