রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
গোলাম রব্বানী ওই এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
স্থানীয়রা জানান, সকালে অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল। চার্জার খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রব্বানী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
