শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, নেতাকর্মীদের চরিত্রহনন ও সাম্প্রতিক মতবিরোধের প্রেক্ষাপটে কুড়িগ্রামে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার রাতে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক সহমর্মিতা ও শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়াকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, সেক্রেটারি নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে বিএনপি ও জামায়াত-শিবিরের নাম ভাঙিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনার জেরে জেলার কয়েকটি উপজেলায় উত্তেজনা ও মতবিরোধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নেতারা বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতের মধ্যে যে সমন্বয় ও সহযোগিতা ছিল, তা ভবিষ্যতেও বজায় রাখা প্রয়োজন। তারা আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে যেকোনো বিভ্রান্তি বা সংঘাত এড়াতে দুই দলের স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
শেষে নেতারা জানান, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও শিষ্টাচার বজায় রেখে কুড়িগ্রামে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

