নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে কুড়িগ্রামে মানবিক উদ্যোগ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্ত ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিকৃতি সুসজ্জিত রথে বহন করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথটি নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। ধর্মীয় রীতি অনুযায়ী, সাত দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে প্রতিকৃতিগুলো পুনরায় নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে।
রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তীব্র গরমে এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেক ভক্ত ও সাধারণ মানুষ।
পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ মানবিক উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে।
