মাইদুল ইসলাম মামুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত তথ্য তুলে ধরেন এবং ভবিষ্যতে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
বুধবার (২৯ জুলাই) বিকেলে নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী আতাউর রহমান।লিখিত বক্তব্যে তিনি বলেন, চলমান মামলার তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
এরই ধারাবাহিকতায় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ঘটনার প্রকৃত চিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি দাবি করেন, প্রতিবেদনে বিবাদীপক্ষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে উল্লেখ করা হলেও বাস্তবে তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে জমি দখলের ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ঘটনাস্থলের তথ্য-উপাত্ত এবং তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতেই তদন্ত কর্মকর্তা এসআই শিমুল সরকার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৮ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বক্তারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যবিকৃত সংবাদ প্রকাশের মাধ্যমে তদন্ত কর্মকর্তা এবং ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
তারা এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।






