ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে তিলাই উচ্চ বিদ্যালয় মোড়ে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। এসময় বক্তব্য দেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, তিলাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদস্যসচিব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল বাতেন বাবলা এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান নিবিড়।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় অভিশাপ। এর ভয়াবহ প্রভাবে তরুণ ও ছাত্রসমাজ বিপথে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও দাবি জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক কারবারিদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, কঠোর নজরদারি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।






