মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কলেজ শাখা।
মঙ্গলবার (২২ এপ্রিল) কলেজ অধ্যক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠন (ইসলামী ছাত্রশিবির) অসাংগঠনিক ও নিয়মবহির্ভূতভাবে একক সভাপতির নাম ঘোষণা করে কমিটি প্রকাশের চেষ্টা করছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
স্মারকলিপিতে ছাত্রদল চার দফা দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে—অসাংগঠনিক কার্যক্রম বন্ধ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ।
তাদের দাবি, কোনো স্বীকৃত নিয়ম ও প্রক্রিয়া ছাড়া একক কমিটি ঘোষণা করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে হবে। একইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে কলেজ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজুয়ান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের অর্ক, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আনোয়ার, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ হৃদয়, ক্রীড়া সম্পাদক সানজিদ আলম সাফল্যসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। শিবিরের কোনো আনুষ্ঠানিক কমিটি প্রকাশ করা হয়নি। তারা সাধারণ শিক্ষার্থীদের মতো অনেক অপরাধ করে, কিন্তু ভালো কাজের সময় শিবিরের ব্যানার ব্যবহার করে।”
তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো প্রমাণ তার কাছে নেই।
অন্যদিকে উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মামুন সাংবাদিকদের জানান, “গুপ্ত রাজনীতি বিষয়ে স্মারকলিপি দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। আমাদের কলেজ শাখাসহ আরও কয়েকটি কমিটি রয়েছে। মূলত কমিটির তালিকা এখনো কলেজে জমা দেওয়া হয়নি, আমরা আগামীকাল তা জমা দেবো।”
তিনি আরও বলেন, “আমাদের কোনো কর্মসূচি হলে সংশ্লিষ্ট সকলকে অবগত করেই শিবিরের ব্যানারে তা পরিচালনা করা হয়। এখানে গোপনীয়তার কিছু নেই।”
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

