Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় কাস্টমস অফিস সংলগ্ন স্থানে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসকরণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত পণ্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের মোট ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি এবং আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক মো. ফয়সাল বিন রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, ২২ বিজিবির সহকারী পরিচালক মতিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির আহ্বায়ক মো. ফয়সাল বিন রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ অনুযায়ী সব আইনি প্রক্রিয়া শেষে ভূরুঙ্গামারী শুল্ক গুদামে সংরক্ষিত বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়েছে। পরে স্বাস্থ্যবিধি মেনে গর্ত করে এসব পণ্য মাটিচাপা দেওয়া হয়।

Exit mobile version