ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকের উদ্যোগে নিখোঁজ থাকা জেসমিন আক্তার (২৬) অবশেষে পরিবারের কোলে ফিরে গেছেন।
জেসমিন আক্তার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সেনপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী ও এক সন্তানের মা। তিনি গত ১৫ দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে জেসমিন আক্তার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। রাতভর এবং পরদিন সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর পরিবার বিষয়টি সাংবাদিক মেছবাহুল আলমকে জানান।
পরে সাংবাদিক মেছবাহুল আলম তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে জেসমিনের ছবি ও নিখোঁজ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। পোস্টটি নজরে আসে সাজ্জাদুর রহমান নামে এক ব্যক্তির, যিনি মন্তব্যে জানান যে জেসমিন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। খবর পেয়ে সাংবাদিক মেছবাহুল দ্রুত হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
নিখোঁজ জেসমিনের ভাই সাদ্দাম হোসেন ও স্বামী রবিউল ইসলাম সাংবাদিক মেছবাহুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গত রাত থেকেই আমরা খুঁজছিলাম, কোনো খোঁজ পাচ্ছিলাম না। আল্লাহর রহমতে ও মেছবাহুল ভাইয়ের উদ্যোগে আজ আমরা আমাদের প্রিয় মানুষটিকে ফিরে পেয়েছি।”
সাংবাদিক মেছবাহুল আলম বলেন, “একজন মানুষের জীবন নিয়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জনগণের সহযোগিতা পেলে অনেক সময় বড় কাজও সম্ভব হয়। জেসমিনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
এরপর ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুল হক এবং ভূরুঙ্গামারী থানার এসআই নাজমুল হক-এর উপস্থিতিতে জেসমিন আক্তারকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

