ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং হাইব্রিড নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলার সাদ্দাম মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোফাখখারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল মনা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্যসচিব মাইদুল হোসাইন, উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং বিভিন্ন বাধা-নিষেধ উপেক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন, তাদের অবমূল্যায়ন করা হলে তা দলের জন্য ক্ষতিকর হবে। বিএনপিতে হাইব্রিড নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, এই কর্মসূচিতে অংশগ্রহণের কারণে কাউকে বহিষ্কার করা হলেও তারা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকবেন। অতীতেও বিভিন্ন বাধা উপেক্ষা করে রাজনীতি করেছেন, ভবিষ্যতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর কুড়িগ্রাম জেলার সব উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। পরদিন ৮ নভেম্বর উপজেলা বিএনপির আহ্বানে জেলার কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে ওই কর্মসূচিতে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন না বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
