ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক বৃদ্ধা মা অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ছেলেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল ভূরুঙ্গামারী থানার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা নং ৫(১১)২৫ এর অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তার বিধবা, বয়স্ক মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “আমরা মাদকাসক্তদের কোনোভাবেই প্রশ্রয় দেই না। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানা সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপের প্রশংসা করে বলেন, এতে সমাজে মাদকাসক্তদের বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং অসহায় পরিবারের মানুষজন আইনের প্রতি আরও আস্থা পাবে।

