ভূরুঙ্গামারীতে ব্রিজ ঘিরে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষের অভিযোগ, কৃষিজমি হুমকিতে


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে ব্রিজ ঘিরে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষের অভিযোগ, কৃষিজমি হুমকিতে

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারি উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া (রাঙ্গালির কুটি) গ্রামে একটি ব্রিজকে ঘিরে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, গ্রামের প্রধান সড়কের বিলের ওপর নির্মিত ব্রিজটির উভয় পাশে আরসিসি (RCC) কাঠামো নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, আক্তার হোসেন মাস্টার, সফিকুল মোল্লা, লতিফ মাস্টারসহ মোট ৯ জন এ কার্যক্রমের সঙ্গে জড়িত।

স্থানীয়দের দাবি, এভাবে পানি প্রবাহ বন্ধ করে দিলে প্রায় ৫০ থেকে ১০০ একর দো-ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হলে বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে ব্রিজটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। একাধিকবার প্রতিবাদ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বিষয়টি নিয়ে ভূরুঙ্গামারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

এ অবস্থায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।