Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে প্রতি সোম ও বৃহস্পতিবার বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন পাবে ভুক্তভোগীরা

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বিনামূল্যের জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের পক্ষ থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় ৩৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। এ সময় উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারীতে র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল। নিয়মিত সভা–মতবিনিময় সভা ও গণমাধ্যমে অভিযোগ উপস্থাপনের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে সীমিত পরিমাণে হলেও ৩৫০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান,
“এখন থেকে পূর্বের রুটিন অনুযায়ী প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে। এক ভায়াল থেকে ৪ জন রোগীকে ভ্যাকসিন দেওয়া সম্ভব। এতে করে ১৪০০ ( এক হাজার চারশত মানুষকে প্রদান করা যাবে বলে জানা যায়।”

তিনি আরও বলেন, পর্যাপ্ত এন্টি-র‌্যাবিস ভ্যাকসিনের ব্যবস্থা করতে নেপথ্যে সহযোগিতা করায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা আশা করছেন, নিয়মিত ভ্যাকসিন সরবরাহ বজায় থাকলে কামড়ানো ভুক্তভোগীদের আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না।

Exit mobile version