হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে ২০ টাকায় শিক্ষার্থীদের দুপুরের খাবার

ভুরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে। কলেজের নিজস্ব তহবিল থেকে আপাতত এ খাবারের ব্যয় বহন করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, দুই উপজেলা ও একটি থানার বিভিন্ন চরাঞ্চল থেকে ৯০০-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। তাঁদের বড় একটি অংশ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের। দূরবর্তী এলাকা থেকে আসায় অনেক শিক্ষার্থী দুপুরের খাবার সঙ্গে আনতে পারেন না। ফলে দীর্ঘ সময় না খেয়ে ক্লাস করতে হয়।

নতুন চালু হওয়া ক্যানটিনে ২০ টাকায় ভাত, ডাল, ডিম, ভর্তা, সবজি, মাংস ও খিচুড়ির মতো খাবার পাওয়া যাবে। শুরুতে প্রতিদিন ১০০ জন শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। চাহিদা বাড়লে এ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীরা জানান, আগে দুপুরের খাবারের জন্য কলেজের বাইরে যেতে হতো। নতুন ব্যবস্থায় কম খরচে কলেজেই খাবার পাওয়ায় সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হবে।

অধ্যক্ষ বাবুল আক্তার বলেন, দূরবর্তী চরাঞ্চল থেকে আসা অনেক শিক্ষার্থী দুপুরের খাবার আনতে পারে না। তাদের কথা বিবেচনা করেই ২০ টাকার ক্যানটিন চালু করা হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করলে খাবারের পুষ্টিমান আরও বাড়ানো সম্ভব হবে।

সোনাহাট ডিগ্রি কলেজে বর্তমানে দুই উপজেলা ও একটি থানার ৯০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

Exit mobile version