হামার কুড়িগ্রাম

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রামে পরীক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক নিউজ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পরীক্ষা স্থগিতের দাবিতে স্লোগান দেন এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসানসহ আরও কয়েকজন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে, অনেক এলাকা জলাবদ্ধ ও বন্যাকবলিত। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, অনেক পরীক্ষার্থীর বাড়িঘর পানিবন্দি হয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়ায় তাদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এছাড়া, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্যও দ্রুত গ্রহণযোগ্য ও সমতাভিত্তিক সমাধানের দাবি জানান আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

Exit mobile version