Site icon হামার কুড়িগ্রাম

বিএসটিআই লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন, বেকারিকে ৫০ হাজার জরিমানা

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, উপজেলার গছিডাঙ্গা এলাকার সোনাহাট রোডে অবস্থিত কুমিল্লা বেকারি বিএসটিআইয়ের সিএম (স্ট্যান্ডার্ড মার্ক) লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন করছে এবং পণ্যের লেবেলে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করছে। এছাড়া বেকারিটিতে কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে বলে জানা যায়।

এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫(১) ধারার অপরাধে ২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাৎ হোসেন। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার খন্দকার মোঃ জামিনুর রহমান এবং অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আলমাস মিয়া।

মামলা নম্বর ৬/২০২৬। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ দীন ইসলাম, পিতা: মোঃ বজলুর রহমান, মাতা: জাহেদা বেগম। তার ঠিকানা গছিডাঙ্গা (সোনাহাট রোড), কুড়িগ্রাম।

বিএসটিআইয়ের পরিদর্শক আলমাস মিয়া জানান, জনস্বার্থে মানহীন ও লাইসেন্সবিহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version