রনবীর রায় রাজ ।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ মাদক জব্দ করা হয়।
ফুলবাড়ী সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন অনন্তপুর ক্যাম্পের সদস্যরা ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে এক সন্দেহজনক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখা যায়।
বিজিবির টহল দল তাকে থামিয়ে তল্লাশির জন্য চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি সঙ্গে থাকা গাঁজার পটলা ফেলে দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি ভারতীয় গাঁজার পটলা উদ্ধার করা হয়।
জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০ টাকা। জব্দকৃত মাদক অনন্তপুর ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির বক্তব্য
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

