ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ জন মাংস বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাংস বিক্রয়ের বৈধ লাইসেন্স না থাকা, পশু জবাইয়ের আগে সরকারি ভেটেরিনারি সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র সংগ্রহ না করা এবং দোকানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ জন বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
