ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঁশে হেলান দিয়ে প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকিমুন ইসলাম মুন (১৮) নামে সদ্য এসএসসি পাস করা এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের জোলেরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুন ওই এলাকার মো. শহিদার রহমানের ছেলে। তিনি বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে মুন বাড়ির পাশের বাঁশঝাড়ের ছায়ায় প্রতিবেশী চাচা ও ভাইদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি একটি কচি বাঁশে হেলান দিয়ে গল্প করছিলেন।
এ সময় মুনের শরীরের ভারে কচি বাঁশটি হেলে পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায়। এতে বাঁশের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন বাঁশটির সঙ্গে আটকে যান। পরে পাশে থাকা লোকজন চেয়ার দিয়ে বাঁশটি ঠেলে তাকে বিদ্যুতের সংস্পর্শ থেকে আলাদা করেন।
দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, মুন এলাকায় সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। লেখাপড়াতেও তিনি ছিলেন মেধাবী ও ভালো ছাত্র। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার তদন্তে ঘটনাস্থলে যাওয়া ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।






