আমিনুল ইসলাম, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন নুরুর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, অনিয়ম ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিদ্যালয় বাঁচানো ও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সচেতন ছাত্রসমাজ ও এলাকাবাসী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর রাবাইতারী এলাকার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের বটতলা বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিপদের বন্ধু সংগঠনের সভাপতি রনি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুন সরকার এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাসুদ রানা, আসাদুজ্জামান সোহাগ ও শুভ চন্দ্র রায়।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।
বক্তারা আরও জানান, বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নিতে কালক্ষেপণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এ সময় বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা।
মানববন্ধন শেষে বটতলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর ওই প্রধান শিক্ষককে একটি বাড়িতে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয়রা ধাওয়া করেন। এ সময় তিনি লুঙ্গি ও স্যান্ডেল ফেলে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। এর আগে ওই নারীর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে আদালতে মামলা করেছেন বলে স্থানীয়রা জানান। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নুরুল আমিন নুরুর বক্তব্য পাওয়া যায়নি।
