ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাবার পর ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হলেও ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

