Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের ৬ মাসের কারাদণ্ড

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আনোয়ার হোসাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মৃত বিনোদ চন্দ্র রায়ের ছেলে চন্দন চন্দ্র রায় (২৭), নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণচন্দ্র সেন এবং ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান (২৭)।

অভিযান সূত্রে জানা যায়, উল্লিখিত স্থানে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় ওই ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত আসামীদের সাজা পরোয়ানা মূলে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version