নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন ও বড়ভিটা ইউনিয়নের সীমান্তবর্তী রাবাইতারী ও নওদাবাস গ্রামে নালার পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরশী আক্তার (৭), তিনি আনিসুর রহমানের মেয়ে এবং একই বয়সী লিমা আক্তার লূসি (৭), তিনি নূর হোসেনের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরে দুই শিশু খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত প্রায় ৮টার দিকে বাড়ির পেছনের একটি নালায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।






