অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য নিতে এসে খালি হাতে ফিরতে হয়েছে স্মার্ট কার্ডধারী হাজারো উপকারভোগীকে। প্রখর রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে টানা তিন দিন অপেক্ষার পরও পণ্য না পাওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
জানা গেছে, গত এপ্রিল মাসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উপজেলার ছয়টি ইউনিয়নে নতুন করে ২ হাজার ৫১৭টি স্মার্ট কার্ড ইস্যু করে। এসব কার্ডের বিপরীতে পণ্য বরাদ্দও দেওয়া হয় সংশ্লিষ্ট ডিলারদের কাছে। পরে মাইকিংয়ের মাধ্যমে পণ্য বিতরণের তারিখ ঘোষণা করা হয়।
ঘোষিত তারিখ অনুযায়ী উপকারভোগীরা ডিলার পয়েন্টে উপস্থিত হয়ে কার্ড জমা দিলেও পণ্য পাননি। ডিলারদের দাবি, টিসিবির ওয়েবসাইটে নতুন ইস্যুকৃত কার্ডগুলো এখনো সক্রিয় না থাকায় পণ্য বিতরণ সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ পয়েন্টে পণ্য নিতে আসা ভুক্তভোগী মজিবর রহমান, মিন্নি খাতুন, মাধব চন্দ্র ও পুলিন চন্দ্র রায় জানান, প্রায় দুই মাস আগে তারা স্মার্ট কার্ড পেয়েছেন। কিন্তু গত তিন দিন ধরে ডিলারের কাছে ঘুরেও পণ্য তুলতে পারেননি।
ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড অনলাইনে সক্রিয় না থাকায় পণ্য দেওয়া হচ্ছে না। এতে করে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের প্রশ্ন—যদি পণ্যই না দেওয়া হয়, তাহলে কেন প্রখর রোদের মধ্যে ডেকে এনে হয়রানি করা হচ্ছে?
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ পয়েন্টের ডিলার মালিহা ট্রেডার্সের স্বত্বাধিকারী হারুন অর রশিদ জানান, নতুন কার্ড দিয়ে ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করলে ‘উপকারভোগীর প্রাপ্যতা নেই’—এমন বার্তা দেখাচ্ছে। ফলে পণ্য বিতরণ বন্ধ রয়েছে। একই সমস্যা পুরো উপজেলাতেই দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার বলেন, সমস্যাটি উপজেলা বা জেলা প্রশাসনের নয়। টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে নতুন কার্ডগুলো এখনো সক্রিয় না করায় এ জটিলতা তৈরি হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী মাস থেকে নতুন উপকারভোগীরা নিয়মিতভাবে পণ্য পেতে শুরু করবেন।

