বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মকবুল হোসেনের বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরীর ব্লেডের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী ওই রাতেই ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মকবুল হোসেন কিশোরীর বাড়ির পাশে বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি পরিবার থেকে তাকে ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মকবুল হোসেন কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় রাতে জোরপূর্বক ধর্ষণের হুমকি দিয়ে চলে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে কিশোরীর দাদি নামাজ পড়ার সময় তিনি বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ।
একপর্যায়ে কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা ও মুখ চেপে ধরার অভিযোগ করা হয়েছে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরী ঘরে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে তাকে আঘাত করলে তিনি আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে আহত মকবুল হোসেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, তিনি লালমনিরহাট বা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তবে তার বর্তমান অবস্থান ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
