হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু, শোকের ছায়া

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন শাহীন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলযোগে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করার সময় সাইকেল আরোহী শাহীনকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।

পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৪ বছর বয়সী শাহীন আলমের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অবহিত করেননি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version