Site icon হামার কুড়িগ্রাম

প্রবাসীকে ‘গাধা’ বলে কটুক্তি করা সেই এসিল্যান্ডকে বদলি, আছে অভিযোগের পাহাড়

মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম)

অবশেষে নানা বিতর্ক মাথায় নিয়ে ফেনী সদর উপজেলা ভূমি অফিসে বদলি হয়েছেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন।

রবিবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমন রাখাইন।

অভিযোগ রয়েছে, সম্প্রতি বাঁশখালী ভূমি অফিসে সেবাপ্রার্থী এক প্রবাসীকে ‘গাধা’ সম্বোধন করে অপমান করেন এসিল্যান্ড জসীম উদ্দিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দালালের শরণাপন্ন না হলে এই অফিসে সেবা পাওয়া কঠিন। সেবা অনুপাতে সরকারি ফি নির্ধারিত থাকলেও তার আট, দশগুণ টাকা দালালরা সেবাপ্রার্থীদের কাছ থেকে কৌশলে ছিনিয়ে নেয়। দেশের সবদিকে সংস্কার শুরু হলেও এই ভূমি সেবায় এখনও কোন পরিবর্তন নেই। সাধারণ মানুষ আগের মতোই হয়রানির শিকার হচ্ছেন। অফিসে সেবা না পেয়ে সাধারণ মানুষ অনেকটা বাধ্য হয়ে দালালের খপ্পরে পড়ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ভূমি অফিসে কিছু চিহ্নিত দালাল রয়েছে। তাদেরকে সবাই চিনলেও ভূমি অফিসের কর্মকর্তারা চিনেন না। এই দালালরা ভূমি অফিসের কর্মকর্তার মতো নিয়মিত ভূমি অফিসে আসেন। এমনকি ভূমি অফিসের কর্মকর্তার পাশাপাশি চেয়ারে বসে তাদেরকে অফিসের ফাইল নড়াচড়া করতে প্রায়ই দেখা যায়। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। তাদের দেখে মনে হবে, তারাও অফিসের উচ্চপদস্থ কোন কর্মকর্তা।

গত মার্চ মাসে স্থানীয় গণমাধ্যমকর্মীরা চাম্বল ভূমি অফিসের নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন। ভূমি অফিস ত্যাগ করার আনুমানিক বিশ মিনিট পর এক গণমাধ্যমকর্মীর ফোনে কল দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন। তিনি তাকে না জানিয়ে গণমাধ্যমকর্মীরা কেন ওই অফিসে গেছেন এবং কে অভিযোগ দিয়েছে তা জানতে চান। পরে রাত আটটার দিকে তিনি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সরকারি অফিসের কর্ম পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি প্রদান করেন।

অবশেষে এত বিতর্কের মাঝে সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনকে বদলি করায় স্বস্তি প্রকাশ করছেন বাঁশখালীর সর্বস্তরের মানুষ।

Exit mobile version