হামার কুড়িগ্রাম

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুড়িগ্রামের শাহীনুর আলম

ডেস্ক নিউজ


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সন্তান মো. শাহীনুর আলম। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।

মেধা ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের এ সম্মাননার জন্য তাঁর নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

ইউজিসি দীর্ঘ সময় পর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য একসঙ্গে ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ২০১৯ সালে ১৭৮ জন, ২০২০ সালে ১৪১ জন এবং ২০২১ সালে ১৫০ জন শিক্ষার্থী রয়েছেন।

২০২১ সালের তালিকায় রুয়েট থেকে তিনজন

২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য রুয়েট থেকে তিনজন সাবেক শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তাঁরা হলেন—মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহীনুর আলম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান এবং তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের মো. মায়েনুল ইসলাম।

শাহীনুর আলম ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

পাশাপাশি শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনের কৃষি ও জৈব প্রকৌশল বিভাগে পিএইচডি করছেন তিনি।

রুয়েটের আরও যাঁরা মনোনীত

২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য রুয়েট থেকে মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী, পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা।

রুয়েটের মনোনীত এসব সাবেক শিক্ষার্থীর অনেকেই বর্তমানে শিক্ষকতা, উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

তিন বছরের তালিকা একসঙ্গে প্রকাশ

ইউজিসির তথ্য অনুযায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পুনরায় যাচাই শেষে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য মোট ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইউজিসির নীতিমালা অনুযায়ী, স্নাতক পর্যায়ে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়।

মনোনীত শিক্ষার্থীদের ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি পদক এবং সম্মাননাপত্র দেওয়ার কথা রয়েছে।

ভূরুঙ্গামারীর শাহীনুর আলমের এই অর্জন কুড়িগ্রামের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত থাকা শাহীনুরের একাডেমিক সাফল্যে গর্বিত তাঁর নিজ এলাকার মানুষ।

Exit mobile version