হামার কুড়িগ্রাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অনুশ্রীর স্বপ্নপূরণ, উপহার পেল হারমোনিয়াম

ডেস্ক নিউজ


একটি ছোট্ট চিঠিই বদলে দিল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের জীবনের স্মরণীয় একটি দিন। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা সেই চিঠির জবাবে সচিবালয়ে ডেকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, সংগীতচর্চার জন্য বহুদিনের কাঙ্ক্ষিত একটি হারমোনিয়ামও উপহার দেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

জানা যায়, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি দেন। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশের পাশাপাশি সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনের কথা উল্লেখ করেন।

চিঠিটি প্রধানমন্ত্রীর নজরে এলে বৃহস্পতিবার অনুশ্রী ও তার বাবাকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে অনুশ্রী বলেন, “আমি কখনো ভাবিনি আমার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং আমাকে ডেকে পাঠাবেন। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম খুব প্রয়োজন ছিল, কিন্তু পরিবারের পক্ষে সেটি কেনা সম্ভব ছিল না। তাই চিঠিতে বিষয়টি লিখেছিলাম। আজ সেই হারমোনিয়াম প্রধানমন্ত্রীর কাছ থেকেই উপহার হিসেবে পেয়েছি।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তার গান শোনেন, নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং ভবিষ্যতে সংগীতচর্চা চালিয়ে যেতে উৎসাহিত করেন।

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় বলেন, “আমরা কখনো কল্পনাও করিনি প্রধানমন্ত্রী আমার মেয়েকে ডেকে উৎসাহ দেবেন। মেয়েকে সবসময় প্রধানমন্ত্রীর মানবিক কাজের গল্প বলতাম। সেই অনুপ্রেরণাতেই সে চিঠি লিখেছিল। আজ তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”

উল্লেখ্য, অনুশ্রী রায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের হাপারভিটা মণ্ডলেরহাট এলাকার বাসিন্দা কমল কান্তি রায় ও মনিকা রায় দম্পতির মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বসবাস করছেন এবং পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত।

Exit mobile version