
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক পরিদর্শনকালে প্রতিমার সম্মানার্থে পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সুবেদার নরেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দেবপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে এ নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পূজার শুরু থেকে শেষ সময় পর্যন্ত শুধুমাত্র ধর্মীয় গান বা ভজন বাজানো যাবে। কোনোভাবেই সিনেমা বা অশ্লীল গান, মদ্যপান কিংবা অসামাজিক কার্যকলাপ করা যাবে না। পূজা মণ্ডপের আশেপাশে মুসলিম সম্প্রদায়ের বসবাস থাকায় আজান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, তার অধীনে মোট ১৬টি পূজা মণ্ডপ রয়েছে এবং প্রতিটি মণ্ডপেই একই নির্দেশনা মেনে চলতে হবে।
এছাড়া তিনি আরও নির্দেশনা দেন যে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা বহিরাগত আক্রমণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিজিবি বা প্রশাসনকে জানাতে হবে। জুয়া বা অসামাজিক কার্যকলাপে কাউকে জড়িত পাওয়া গেলে তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করার আহ্বান জানান।
সুবেদার নরেশ আশ্বাস দিয়ে বলেন, “আমরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করব, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।”
এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির কাঞ্চন কুমার দেব ও অন্যান্য নেতৃবৃন্দ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা নির্দেশনাগুলো মেনে চলব এবং পূজা মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করব।”
আপনার মতামত লিখুন :