মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা উদযাপন চলে উৎসবমুখর পরিবেশে। পূজা শেষে প্রতিমা বিসর্জন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, “এবারের দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতা ছিল প্রশংসনীয়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
স্থানীয় বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “উৎসবকালে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছিল। বিজিবির পক্ষ থেকেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
আনসার ও ভিডিপির উপজেলা কর্মকর্তা জানান, “প্রতিটি মণ্ডপে আমাদের আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করেছেন। তাদের সক্রিয় ভূমিকার কারণে পূজা উদযাপন আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “পূজা উপলক্ষে আমরা সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রতিটি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। এ পর্যন্ত কোনো ধরণের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সর্বোচ্চ সতর্ক অবস্থান এবং পূজা উদযাপন কমিটির আন্তরিক সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের অংশগ্রহণে এটি একটি সফল ও আনন্দমুখর উৎসবে পরিণত হয়েছে।”
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মিলনমেলায় রূপ নেয় ভূরুঙ্গামারীর শারদীয় দুর্গাপূজা উৎসব।

