নাগেশ্বরীতে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন /
নাগেশ্বরীতে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট

রাহিমুল ইসলাম সজীব ।। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডে প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে একটি চক্র ভেকু (এস্কেভেটর) দিয়ে ফসলি জমি কেটে সাবাড় করছে। অভিযোগ, এই মাটি বিভিন্ন স্থানে পুকুর ভরাটে ব্যবহার হচ্ছে, যা পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।

স্থানীয়রা জানিয়েছেন, রাত নামার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে চক্রটি। ডায়নারপাড় এলাকায় দুটি ট্রাক্টরের মাধ্যমে মাটি বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। দিনের আলোতে কাজ বন্ধ থাকলেও রাতের বেলা ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলছেই।

এলাকার বাসিন্দারা বলছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কেউ সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। তবে গ্রামীণ রাস্তায় ভারী ট্রাক চলাচলের কারণে ক্ষতি ও ধুলোবালিতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

আইনি দিক থেকে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, যথাযথ অনুমতি ছাড়া মাটি কাটা এবং প্রাকৃতিক জলাশয় বা পুকুর ভরাট দণ্ডনীয় অপরাধ।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নোট করা হয়েছে এবং প্রয়োজনে যে কোনো সময় মোবাইল কোড অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহলও দাবি করেছেন, অবৈধভাবে মাটি কাটা দ্রুত বন্ধ করা হোক।