ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাউরিভিটা গ্রামে ৬ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাউরিভিটা গ্রামের বাসিন্দা মো. আতিকুর রহমানের মেয়ে সুমাইয়াকে মৃত অবস্থায় নাগেশ্বরী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের এক সদস্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, শিশুটি ফাঁসিতে ঝুলে মারা গেছে।
তবে হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হলে বিষয়টি নাগেশ্বরী থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ হাসপাতালে এসে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় শিশুটির মা দাবি করেন, সুমাইয়ার মৃত্যু সাপের কামড়ে হয়েছে।
ঘটনার পর এলাকায় নানা ধরনের আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, শিশুটিকে শাসন করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের কয়েকজন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে সুমাইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
