নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী চর ধনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান।
সোমবার (৪ আগস্ট) বিকেলে কচাকাটা থানার ধনিরামপুর গ্রামের মো. খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি দল।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ পণ্য বাঁশঝাড়ে মজুদ করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধার করা প্যান্টপিসের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা এবং ৬০ কেজি ভারতীয় জিরার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে পলাতক পাঁচজনকে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন—মো. মিজানুর রহমান (৩৫), মো. জাহাঙ্গীর (২৫), মো. জুল হক (২৮), মো. নুর আলম (৩৫) ও মো. জহুরুল ইসলাম (৩৫)। তাদের সবার বাড়ি নাগেশ্বরী উপজেলার ধনিরামপুর গ্রামে।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “পলাতক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পণ্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
