নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযান টের পেয়ে বিলের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এক ব্যক্তির। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর তাকে আটক করে পুলিশ। এ সময় তার ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাহবুবুল (৩২) ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ফুলবাড়ী থেকে মোটরসাইকেলে করে মাদক নিয়ে এক ব্যক্তি নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছেন। পরে নাগেশ্বরী থানার একটি দল পৌরসভার ঠুঁটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুবুল মোটরসাইকেল ফেলে ঠুঁটা পাইকর ব্রিজের কাছে খালের পানিতে ঝাঁপ দেন। পরে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে সেখান থেকে আটক করে।
পরে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নাম্বারবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
নাগেশ্বরী থানার ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
