মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম
শিক্ষার্থী ও তরুণদের মাঝে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও পরিবেশ সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের আয়োজনে এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও রশিদ মন্ডল স্পোর্টস ক্লাবের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পাশাপাশি বিজয়ীদের বাইরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে এবং রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, নেওয়াশী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিনারুল ইসলাম, গ্লোবাল যুব ফাউন্ডেশনের সভাপতি জাকারিয়া আলম ও ইতি পাঠাগারের সভাপতি আন্জু আরা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানচর্চার প্রসার এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
