হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে দুই হোটেলে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১৭ হাজার টাকা জরিমানা

সিয়াম শাহরিয়ার সৃজন। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে দুই হোটেলকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পরিচিত ‘বগুড়া দই ঘর’ হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিষ্টির সঙ্গে পরিবেশিত গ্রিল তৈরিতে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনেও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডলের হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘এশিয়া হোটেল’-এর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন বাসনপত্র এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেলটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে খাদ্যের মান নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষাও জোরদার হবে।

Exit mobile version