নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। একই অভিযানে পৃথক ঘটনায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের একটি ফাঁকা জায়গায় থাকা পরিত্যক্ত ঘর থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুল সংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ।






