হামার কুড়িগ্রাম

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের দুই শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন

ডেস্ক নিউজ

নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের দুই শিক্ষার্থী। চিত্রাঙ্কন ও একক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে তারা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক শাখার ‘ক’ গ্রুপে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিয়া জান্নাত প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে, একক নৃত্য প্রতিযোগিতায় মাধ্যমিক শাখার ‘ক’ গ্রুপে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রীতম চন্দ্র বর্মন প্রথম স্থান অর্জন করে।

দুই শিক্ষার্থীর এ সাফল্যে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল পরিবারে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলে।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দুই শিক্ষার্থীর এ অর্জন বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে। ভবিষ্যতেও তারা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়, পরিবার ও দেশের সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Exit mobile version