নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধ এবং নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর, রসুলপুর, হিন্দুপাড়া ও মাঝিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ধরলা ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। গত এক বছরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে দুই শতাধিক বসতবাড়ি, অসংখ্য কৃষিজমি, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও মন্দির নদীগর্ভে বিলীন হয়েছে।
তারা জানান, বর্তমানে কয়েক হাজার ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শত শত বিঘা কৃষিজমি নদীভাঙনের সরাসরি হুমকির মুখে রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, নদীভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠান যে জিও ব্যাগ ফেলছে, সেখানে নানা ধরনের অনিয়ম হচ্ছে। নিম্নমানের কাজ ও যথাযথ তদারকির অভাবে ভাঙন প্রতিরোধ কার্যকর হচ্ছে না বলেও তারা দাবি করেন।
এসময় তারা দ্রুত এসব অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ না হলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন বক্তারা।
জনদুর্ভোগ ও ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

