মোঃ দুর্জয় হাসান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নদীতীরবর্তী ভাঙনকবলিত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক নদীভাঙন কবলিত নারী-পুরুষ অংশ নেন।
ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বক্তারা বলেন, দুধকুমারসহ কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর অন্তত ৩৬টি পয়েন্টে ভয়াবহ ভাঙন চলছে। গত এক দশকে লক্ষাধিক মানুষ বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হলেও তাদের সঠিক পরিসংখ্যান ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও বাংলাদেশে ভাঙনপীড়িত মানুষ ন্যূনতম সহায়তাও পান না। তিনি চরাঞ্চলের কোটি মানুষের জীবনমান উন্নয়ন ও স্থায়ী অধিকার নিশ্চিত করতে পৃথক ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আখের, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ইউসুফ, সহ-সভাপতি ইয়াসিন আলী এবং কচাকাটা থানা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল।
সমাবেশ থেকে অবিলম্বে পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
