শাহজাহান খন্দকার।। উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দারিদ্র্যপীড়িত পরিবারের মেধাবী সন্তান জাহেরুলের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অসচ্ছলতার কারণে পড়াশোনায় প্রতিবন্ধকতার মুখে পড়া এই শিক্ষার্থীর শিক্ষাজীবন সচল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জাহেরুলের হাতে সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জাহেরুল একজন দরিদ্র কৃষিজীবী পরিবারের সন্তান। চরম অর্থনৈতিক সংকটের কারণে তার শিক্ষাজীবন বারবার বাধাগ্রস্ত হয়েছে। পরিবারের সীমিত আয়ের কারণে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জন করতে না পারলেও দমে যাননি তিনি। অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে বর্তমানে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত।
জাহেরুল বলেন,
“আমার পরিবারের পড়াশোনার খরচ বহন করার মতো সামর্থ্য ছিল না। তবুও স্বপ্ন ছাড়িনি। কৃষিকাজের পাশাপাশি দিনরাত পরিশ্রম করেছি। আজ আইন বিষয়ে পড়াশোনা করছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
তার এই সংগ্রামী জীবনের কথা জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা সরকারের চলমান মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জাহেরুল ও তার পরিবার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা শুধু আর্থিক নয়—এটি তাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস ও শক্তি দিয়েছে।
স্থানীয়দের মতে, জাহেরুলের মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রশাসনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং দরিদ্র পরিবারের সন্তানদের সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুলে দেবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়,
“এমন অনেক জাহেরুলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উলিপুর উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

