উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)
দলদলিয়া নাগরিক ফোরাম (DNF) আজ তাদের পাঁচ বছরের পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে সংগঠনটি একটি বড় মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে—মরহুম নান্টু মিয়ার দুই পিতৃহীন অসহায় শিশুর জন্য একটি নতুন ঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে।
ঘর হস্তান্তরের পূর্বে বাদ জোহর ভুক্তভোগীর বাসা সংলগ্ন দোলা পাড়া জামে মসজিদে DNF-এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডাক্তার বিষাদ চন্দ্র সরকার, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সুজন এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
DNF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আপনাদের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ কখনোই সম্ভব হতো না। আজকের দিনে অসহায় দুই শিশুর মুখে হাসি ফুটানো আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত।”
সংগঠনটি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন নিয়ে দলদলিয়া নাগরিক ফোরাম এগিয়ে যাবে, অসহায় ও দুস্থ মানুষদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।

