Site icon হামার কুড়িগ্রাম

তেল বিতরণে সীমা নিয়ে ভুরুঙ্গামারীতে উত্তেজনা, পুলিশের হাতে আটক ২, ইউএনও এর হস্তক্ষেপে ছাড়

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার অভিযোগে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার, তারা দুজনই উপজেলার বাসিন্দা।

জানা যায়, প্রশাসনের তত্ত্বাবধানে মোটরসাইকেলপ্রতি ৩০০ টাকার নির্ধারিত সীমায় তেল সরবরাহ করা হচ্ছিল। তবে ওই দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানালে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের মতো অবস্থা সৃষ্টি হয়।

পরবর্তীতে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এমন আচরণ না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

Exit mobile version