নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন মূল্য রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
এ ছাড়া কেরোসিনের দামও লিটারপ্রতি ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও গত কয়েক মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
নতুন দামে ডিজেল ও কেরোসিনে লিটারপ্রতি ২০ টাকা এবং পেট্রল ও অকটেনে ২০ টাকা করে দাম বেড়েছে।






