হামার কুড়িগ্রাম

জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে হামলা-ভাঙচুর, গুরুতর আহত নকলনবিশ

ফজলুল করিম ফরাজী | Hamar Kurigram

কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রি অফিসে জাবেদা ফি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নকলনবিশ মো. মমিনুল ইসলাম (পিতা: আবুল কাশেম) গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মেরাজ, জীবন ও জাহিদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি নকলনবিশ মো. মমিনুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাবেদা ফি নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নকলনবিশদের মধ্যে মতবিরোধ চলছিল। তাদের দাবি অনুযায়ী ফি নির্ধারণ নিয়ে বিরোধের একপর্যায়ে মাত্র ১০০ টাকা নিয়ে তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নেয়।

হামলায় মমিনুল ইসলামের একটি হাতের হাড় ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, “জাবেদা ফি নিয়ে একটি দ্বন্দ্ব চলছিল। বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করছিলাম। এরই মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতের পরিবার ও সহকর্মীরা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Exit mobile version